০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:০১:০৬ অপরাহ্ন
বরিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড : সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৬
বরিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে  চাচার  মৃত্যুদণ্ড : সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র

বরিশালে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে তার দূরসম্পর্কের চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুর বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে বলেও রায়ে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।


আদালত সূত্র জানায়, আদালত ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুর বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন। এছাড়া এক লাখ টাকা জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী। পারিবারিক পরিচয়ের সুবাদে অভিযুক্তের বাড়িতে তার যাতায়াত ছিল। ২০২২ সালের শেষদিকে বাড়িতে একা পেয়ে আলমগীর তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে ২০২৩ সালের ২২ মার্চ আবারও তাকে ধর্ষণ করেন।


পরবর্তীতে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তিনি ধর্ষণের ঘটনা খুলে বলেন। এরপর ২০২৩ সালের ২১ মে ভুক্তভোগীর বাবা উজিরপুর মডেল থানায় মামলা করেন।


তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।


রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগীর বাবা দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় তার মেয়ে একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে শিশুটির বয়স তিন বছর এবং মা-ছেলে তার সঙ্গেই বসবাস করছে।


শেয়ার করুন