ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে সরকার গঠন করতে পারলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু, পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে চা কারখানা এবং শিল্প কারখানা চালু করতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, ‘প্রতিবছর শীতে আসতাম এই এলাকায়। দুঃস্থদের কাছে গরম কাপড় নিয়ে হাজির হতাম। নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি একযুগ। ১২ তারিখ সেই অধিকার তারা প্রয়োগ করবেন।’
ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের কাজে হাত দেবেন জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘নারীদের স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। একইভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড। যাতে তারা সহজে ঋণ নিতে পারবে। সার ও কীটনাশক পাবে। ধানের শীষ বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে চাই। রেজিস্টার্ড এনজিও থেকে নেয়া ঋণ সরকার পরিশোধ করবে। কৃষি প্রধান উত্তরাঞ্চলে কল কারখানা গড়ে তোলা হবে। যাতে কর্মসংস্থান তৈরি হয়।’
তিনি আরও বলেন, ‘পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে চা কারখানা এবং শিল্প কারখানা চালু করতে চাই। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজের দাবি বাস্তবায়নে চেষ্টা করব। হিমাগার তৈরি করা হবে। যুবকদের জন্য আইটি পার্ক বা হাব গড়ে তোলা হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় করার বিষয় আমরা দেখবো।’
বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘এক যুগ তারা নিজেদের স্বার্থ দেখেছে। ফলে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হেলথ কেয়ারার নিযুক্ত করা হবে। এসব কাজের জন্য ধানের শীষকে ভোট দিতে হবে।’

