১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ০৩:৩৭:৪৭ পূর্বাহ্ন
ভোলায় একজনকে কুপিয়ে হত্যা, রাজশাহীতে গুলিতে নিহত আরও একজন
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২৬
ভোলায় একজনকে কুপিয়ে হত্যা, রাজশাহীতে গুলিতে নিহত আরও একজন

শনিবার রাতে ভোলা ও রাজশাহীতে দুজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ভোলায় কুপিয়ে একজনকে এবং রাজশাহীতে গুলি করে আরেকজনকে হত্যা করা হয়েছে। 


ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট  রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত আ. রহিম ভুট্টো (৪৫) ওই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে  ভুট্টোর প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে  ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।


অন্যদিকে, রাজশাহী মহানগরীতে নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।


নিহতের নাম মোহাম্মদ  মোস্তফা। তার বাবা তইমুর উদ্দিন। তার বাড়ি রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামে। মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবুল কালাম আজাদ এসবের তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মোস্তফকে হাসপাতলে আনা হলে তাকে আমারা মৃত অবস্থাতে পাই।


শেয়ার করুন