১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০৮:০৭:০০ পূর্বাহ্ন
শিশুদের রং-তুলিতে শহীদদের গল্প
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৬
শিশুদের রং-তুলিতে শহীদদের গল্প

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে দুপুরের রোদ মাথায় নিয়ে ছোট ছোট পায়ে ছুটে আসছে শিশু-কিশোররা। হাতে পেন্সিল, রাবার, তুলি আর বাহারি রং। দুপুর সাড়ে ১২টা বাজতেই শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনের এই আয়োজনে নতুন প্রজন্মের রং-তুলিতে ফুটে ওঠে বীর পূর্বপুরুষদের আত্মত্যাগের গল্প।

বাঙালি জাতির আত্মপরিচয়ের এক অনন্য গাথা রচিত এই ভাষা আন্দোলন ঘিরে। যার হার ধরে আসে স্বাধীনতা। আমার ভাষা, আমার রং– এই প্রতিপাদ্যে সমকাল সুহৃদ সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। 


প্রতিযোগিতায় ২১টি বিদ্যালয়ের ১০৮ জন উদীয়মান শিল্পী অংশ নেন। তাদের ক্যানভাসে ফুটে ওঠে ১৯৫২ সালের সেই অগ্নিঝরা ফাগুনের দিনের চিত্র। মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় উন্নীত করতে বীর বাঙালি তরুণদের সেই ত্যাগের হাত ধরে বিশ্বের বুকে আত্মপ্রকাশ ঘটে আজকের বাংলাদেশের।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোররা তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে রং-তুলিতে তুলে ধরে। ভাষা আন্দোলনের দৃশ্য, রাজপথের মিছিল, পুলিশের গুলিবর্ষণ ও শহীদের আত্মত্যাগের খণ্ড খণ্ড চিত্র ফুটে ওঠে তাতে। 


বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্তার ইতিহাসের রক্তিম সত্যায়ন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সমকাল সুহৃদ সমাবেশ এবার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সুহৃদ সমাবেশের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্ত্রী ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিরামিক ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সালাম ও একই বিভাগের সহযোগী অধ্যাপক কনক কুমার পাঠক, শাখা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মুহাম্মাদ খালিদ। 


সমাপনী বক্তব্যে সুহৃদ সভাপতি অধ্যাপক আমিরুল বলেন, এই আয়োজনে কোমলমতি শিক্ষার্থীরা তাদের দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে রং দিয়েছে। তাদের রং-তুলিতে ফুটে উঠেছে বাংলা ভাষা ও বাঙালির গৌরবময় ইতিহাস ভাষা আন্দোলন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মাঝে ছিলেন সুহৃদের সহ-দপ্তর সম্পাদক আবিদা সুলতানা ও সহ-সাংস্কৃতিক সম্পাদক পূজা সরকার। শাখা সুহৃদ সমাবেশের সহসভাপতি ফখরুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক তাজিউর রহমান তাজ, সদস্য কাকলি খানম, মুকুল হোসেন, অপু মণ্ডল, জান্নাতুল ফেরদৌস জেমি, নীলুর্মি নওরিন ও সাদিয়া পারভিন।


শেয়ার করুন