রাজশাহী জেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নগরীর সিটিহাট এলাকায় অবস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর করা হয়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিলো।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে ১২ থেকে ১৫ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। এর মধ্যে চারজন ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্লোগান দেন। দুজনকে মাস্ক এবং একজনকে হেলমেট পরা অবস্থায় দেখা যায়। অন্য একজনের মুখ খোলা ছিল।
ভিডিওতে দেখা যায়, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, দলের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দেন। পরে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর চেষ্টা করেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাটি পুলিশের জানা নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাই দলীয় কার্যালয়ে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ নেই।

