পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের সবই চূড়ান্ত। প্রস্তুত দুই দেশের প্রতিনিধিরা এবং মধ্যস্থতাকারী পাকিস্তানও। কিন্তু ফের যুদ্ধ শুরুর শঙ্কাও থাকছে। এরই মধ্যে আশার কথা শোনালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে।
ইসহাক দার আরও বলেছেন, ‘স্থায়ী ও টেকসই সমাধানে’ পৌঁছাতে দুপক্ষকে সহযোগিতা করে যেতে চায় ইসলামাবাদ।
আজ শনিবার ঐতিহাসিক এ আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার রাতে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল ।
এদিকে কাতার ও অন্যান্য দেশের ব্যাংকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্পর্শকাতর বিষয়ের কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি রয়টার্সকে বলেছেন, সম্পদ মুক্ত করার বিষয়টি হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত, যা এই আলোচনার একটি মূল বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থ্যাৎ, হরমুজে নিরাপদে জাহাজ চলতে দেবে এমন শর্তে জব্দকৃত সম্পদ ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ঊর্ধ্বতন ওই সূত্রটি ওয়াশিংটন ঠিক কত পরিমাণ সম্পদ মুক্ত করতে রাজি হয়েছে তার সঠিক পরিমাণ জানায়নি। তবে অপর এক ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাতারে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলারের জব্দকৃত তহবিল মুক্ত করতে সম্মত হয়েছে।

