রাজশাহীর চারঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলি (অ্যামুনিশন) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৫ মিনিটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার রাওথা গ্রামের পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বসতবাড়ির পাশের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান ও একটি রাবার অ্যামুনিশন উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী দল জানায়, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্ত্র ও গুলির মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।
র্যাবের ধারণা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
উদ্ধার অস্ত্র ও অ্যামুনিশন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

