ফেনী শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ফাহিম (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ফাহিম জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে সাঈদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে ফাহিম ও তার এক বন্ধু শহরের ‘আবদুল খালেক অ্যান্ড সন্স’ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। লাইনে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে আসা অন্য একটি মোটরসাইকেল ফাহিমের গাড়িতে ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

