রাজশাহী মহানগরীতে অটোরিকশা চুরি মামলার বাদী হওয়ায় মামলা তুলে নিতে চাপ সৃষ্টি এবং পরে এক যুবককে ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলায় মতিউর রহমান (৩৫) নামে ওই যুবকের হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থো সার্জারি বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবক মতিউর রহমান “সংবাদ চলমান” নামে একটি অনলাইন পত্রিকার প্রতিনিধি ও রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক। তিনি নগরীর বোয়ালিয়া থানার জামালপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ইকবাল নামের এক ব্যক্তি, তার স্ত্রী ও সহযোগীরা মতিউর রহমানের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। হামলার একপর্যায়ে তার হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। দীর্ঘ সময় অস্ত্রোপচারের পর তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, কিছুদিন আগে মতিউর রহমানের একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি তুলে নিতে দীর্ঘদিন ধরে তাকে হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল। মামলা প্রত্যাহার না করায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর রাজশাহী মডেল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার নেতারা হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজখবর নেন এবং হামলার তীব্র নিন্দা জানান। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।