১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ১২:১৪:৩২ অপরাহ্ন
ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৬
ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। বৃহস্পতিবার (১৪ মে) বিক্রি হচ্ছে আগামী ২৪ মে’র যাত্রার টিকিট।


জানা গেছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


রেলওয়ের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।



ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছে রেলওয়ে। সেই পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। বুধবার (১৩ মে) বিক্রি হয়েছে ২৩ মে’র টিকিট। আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট।



রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।


এদিকে যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


রেলওয়ে সূত্র জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ পরে ঘোষণা করা হবে।


শেয়ার করুন