০৮ জুন ২০২৬, সোমবার, ১২:৩১:৫৫ পূর্বাহ্ন
দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের কঠোর অভিযান
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৬
দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের কঠোর অভিযান

পরিবেশ ধ্বংস, কৃষিজমির ক্ষতি এবং গ্রামীণ সড়ক নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে ৭ জুন শনিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ৬টি ভেকু (এক্সকাভেটর) এবং ১টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। প্রশাসনের এ কঠোর পদক্ষেপে মাটি খেকো সিন্ডিকেটের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে দুর্গাপুর পৌরসভার শানপুকুরিয়া, পানগর ইউনিয়নের বিয়াড়, গোলাবাড়ি ও গুনাজিপাড়া এবং ঝালুকা ইউনিয়নের কুহাড়, কালুপাড়া ও আন্দুয়া গ্রামে অবৈধ মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। প্রতিটি স্থানে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, অনুমতি ছাড়া পুকুর ও কৃষিজমির উপরিভাগের মাটি কাটা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এছাড়া মাটিবাহী ভারী যানবাহনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ বাড়ছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে অবৈধ মাটি কাটা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে পুকুর খনন করে মাটি বিক্রি করছিল। প্রশাসনের কঠোর অভিযানে এসব অপতৎপরতা অনেকাংশে বন্ধ হবে বলে তারা আশা করছেন। পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং টেকসই উন্নয়নের স্বার্থে দুর্গাপুর উপজেলা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতিকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন