২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ০৮:২৪:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান
রাকিবুল হোসেন শাহীন, চিফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৬
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। ২২ জুলাই বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি" বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী।


সভায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। গুজবের ভিত্তিতে অতিরিক্ত তেল কেনা বা মজুদ করার কোনো প্রয়োজন নেই। এ ধরনের কাজ করলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।


তিনি আরও বলেন, প্রশাসন বাজার পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছে। কেউ জ্বালানি তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক তথ্য জানার পরামর্শ দেন। সভায় জেলার জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহব্যবস্থা এবং ভবিষ্যতে সরবরাহ স্বাভাবিক রাখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 


পেট্রোল পাম্পের মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, তাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ অব্যাহত আছে। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, আরএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর। এছাড়াও জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং বাজারের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন