২৫ জুলাই ২০২৬, শনিবার, ০১:৫০:৫২ পূর্বাহ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
নিউজ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।


সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।


বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরযুক্ত পত্রে তিনি পদত্যাগ করেন।


পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, "আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় ‘অটোনমিক নিউরোপ্যাথিক’ রোগ শনাক্ত হয়েছে। এর কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন।"


সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।


এর আগে শুক্রবার দুপুরে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের স্পিকার বলেছিলেন, "রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।"


২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে মো. সাহাবুদ্দিন ৫ বছরের জন্য দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।


২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর এ আলোচনা আরও জোরালো হয়।

শেয়ার করুন