১৮ মে ২০২৬, সোমবার, ১১:১৬:৪৩ অপরাহ্ন
ইরানের ওপর গুরুত্বপূর্ণ যে নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৬
ইরানের ওপর গুরুত্বপূর্ণ যে নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

ইরানের তেল খাতে আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে সোমবার (১৮ মে) এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।


সূত্রটি জানায়, আগের প্রস্তাবগুলোর তুলনায় এবার প্রথমবারের মতো ইরানের তেল নিষেধাজ্ঞা স্থগিত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করেছে ওয়াশিংটন।


তবে এই শিথিলকরণ স্থায়ী নয়, বরং আলোচনার সময়সীমা পর্যন্ত সাময়িকভাবে নিষেধাজ্ঞা কার্যকর না রাখাকেই বোঝানো হয়েছে।


ইরান বরাবরই দাবি করে আসছে, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হতে হবে।


অন্যদিকে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তরের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল রাখার প্রস্তাব দিয়েছে।


এর আগে সোমবার সকালে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, ইরানের দাবিগুলো পরিষ্কার।


তার মতে, যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নিজেদের শর্ত বলছে। কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়। সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া। কারণ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।


শেয়ার করুন