১৮ মে ২০২৬, সোমবার, ১১:১৬:২১ অপরাহ্ন
রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৬
রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে, যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।


সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি।


পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রবিবার ফেডারেশন ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখি সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ সকাল থেকেই আন্দোলনে নামে এবং রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়তে দেয়নি।


আন্দোলনকারীদের দাবি, ঘোষিত ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং একটি সুনির্দিষ্ট নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।


এদিকে সকাল থেকেই রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল, ভদ্রা, শিরোইল ও রেলগেট এলাকার বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েন। জরুরি কাজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়া যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।


শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেডারেশনের ঘোষিত কমিটি বাতিল না হওয়া এবং আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকার আশঙ্কা রয়েছে।


শেয়ার করুন