১১ জুলাই ২০২৬, শনিবার, ১০:১৪:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে পুবালী ব্যাংকের ১৪ ইলেকট্রনিক বুথ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
  • আপডেট করা হয়েছে : ১১-০৭-২০২৬
রাজশাহীতে পুবালী ব্যাংকের ১৪ ইলেকট্রনিক  বুথ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ, এক QR লেনদেন—Bangla QR’ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে ‘ক্যাশলেস রাজশাহী’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে পুবালী ব্যাংক পিএলসি।


শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর হোটেল গ্র্যান্ড রিভার ভিউ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের ১৪টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সম্মানিত অতিথি ছিলেন পুবালী ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী এবং বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দিনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সম্প্রসারণ সময়ের দাবি। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ, সহজ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও পুবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।


তিনি আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করতে সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।


বিশেষ অতিথির বক্তব্যে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে পুবালী ব্যাংক দেশব্যাপী আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে।


তিনি আরও বলেন, গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তোলা এবং দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব, উদ্ভাবনী ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পুবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।


অনুষ্ঠিতে বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন শুধু সময় ও ব্যয় সাশ্রয়ই করে না, বরং আর্থিক লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Bangla QR ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে সহজেই ডিজিটাল লেনদেন করতে পারবেন, যা দেশের ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।


অনুষ্ঠান শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী অঞ্চলের ১৪টি নতুন ইলেকট্রনিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যাংকটির কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত হবে এবং রাজশাহীতে ক্যাশলেস লেনদেনের প্রসারে নতুন গতি সৃষ্টি হবে।

শেয়ার করুন