২৩ মে ২০২৬, শনিবার, ১২:২৮:১২ অপরাহ্ন
আজও খোলা থাকবে ব্যাংক, লেনদেনের সময় কত ঘণ্টা?
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৬
আজও খোলা থাকবে ব্যাংক, লেনদেনের সময় কত ঘণ্টা?

পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদের ছুটির আগে আজও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে। ছুটি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় শনিবার (২৩ মে) ও রোববার ব্যাংক খোলা থাকবে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ এবং রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা নিয়মিত লেনদেন করতে পারবেন। এছাড়া আনুষঙ্গিক কাজের জন্য বিকেল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।


সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এক তথ্য জানিয়েছে। 


জানা যায়, ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক খাতের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।


এছাড়া দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথে সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটির মধ্যেও (ঈদের দিন ছাড়া) সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


ছুটিকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতাও পাবেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


শেয়ার করুন