২৫ মে ২০২৬, সোমবার, ০৬:১১:০২ অপরাহ্ন
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৬
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, ততই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। সোমবার (২৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগেই টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার বেড়েছে।


ফলে সেতুতে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করছে। তবে এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) রাত ১২টা থেকে রবিবার (২৪ মে) রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।


এরমধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে পার হয়েছে ২২ হাজার ১১২টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।


অন্যদিকে, সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তে টোল প্লাজা (ঢাকাগামী লেন) দিয়ে পার হয়েছে ১৭ হাজার ৮০৭টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।


যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘ঈদকে সামনে রেখে কয়েক দিন ধরেই সেতু দিয়ে গণপরিবহনের চাপ বাড়ছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের জন্য মোটরসাইকেলের জন্য দুটি করে মোট ৪টি পৃথক বুথসহ মোট ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হবে।’


তিনি আরো বলেন, ‘ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষসহ কয়েক স্তরের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে। আশা করি ঈদযাত্রা নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক হবে।’


শেয়ার করুন