০৮ জুন ২০২৬, সোমবার, ০২:৩৫:৪৩ পূর্বাহ্ন
রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২৬
রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত

রাজশাহী মহানগরীর মতিহার এলাকার এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগে সামিউল সিরাজ (সিজান) (পিতা-মৃত শরিফুল ইসলাম, মাতা-শিউলি বেগম, সাং-তালাইমারী বাদুরতলা, থানা-মতিহার, রাজশাহী মহানগর) নামে এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) বেলা ১১টার পর এসএসসি পরীক্ষার্থী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাদের পথরোধ করে। এ সময় পূর্ববিরোধের জের ধরে ঐ ছাত্রীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

আক্রমণে মেয়েটির হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দ্রুত পালিয়ে গেলে তার বান্ধবীরা আহত কিশোরীকে কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং অভিযুক্তকে গ্রেফতারে একাধিক টিমকে নির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানা পুলিশ। একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ডিসি সিটিটিসি গাজিউর জনান, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন