১৫ জুন ২০২৬, সোমবার, ০৫:৩৪:৩৭ অপরাহ্ন
ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল জার্মানি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২৬
ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল জার্মানি

২০২৬ বিশ্বকাপে কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে জার্মানি। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


সোমবার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে কুরাসাওয়ের জালে সাতবার বল পাঠানোর পর বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯। এর ফলে তারা ছাড়িয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। বিশ্বকাপে ব্রাজিলের গোলসংখ্যা ২৩৮টি।


বিশ্বকাপ ইতিহাসে জার্মানির ধারাবাহিকতা বরাবরই নজরকাড়া।


১৯৫০ সালের আসর ছাড়া প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে দলটি। ১৯৫৪ সালের বিশ্বকাপে তারা সর্বোচ্চ ২৫ গোল করে শিরোপা জিতেছিল। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপে মাত্র দুই গোল করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানরা।

এখন পর্যন্ত বিশ্বকাপে জার্মানি ২৩৯ গোলের বিপরীতে ১৩১ গোল হজম করেছে।


ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে +১০৮। সর্বাধিক গোল করা দলের তালিকায় জার্মানির পর রয়েছে ব্রাজিল (২৩৮) ও আর্জেন্টিনা (১৫২)।

জার্মানির বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা। তার নামের পাশে রয়েছে ১৬ গোল। এটি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডও।


এ ছাড়া গার্ড মুলার ১৪, ইয়ুর্গেন ক্লিন্সমান ১১ এবং থমাস মুলার ১০ গোল করেছেন।

কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের জয়টি বিশ্বকাপে জার্মানির আরেকটি বড় ব্যবধানের জয়ের তালিকায় যুক্ত হয়েছে। এর আগে ২০১৪ সালের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ এবং ২০০২ বিশ্বকাপে সৌদি আরবকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।


শেয়ার করুন