০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৮:৫৫:২৮ অপরাহ্ন
ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৬
ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জীবন কতটা সহজ ছিল। যা বলেছেন তা-ই হয়েছে। যেদিকে তাকিয়েছেন সবার হাসিমুখ দেখেছেন। যা হাতে নিয়েছেন সেখানেই সোনা ফলেছে। আর সেই মানুষটি এখন সবার কাছে অপ্রিয় হয়ে গেল। সবাই এমনভাবে কপাল কুচকে কথা বলছেন, 'এ মুখ দেখাও পাপ।' শুধু একটা পরিকল্পনার কারণে ইনফান্তিনো আজ মহাবিপাকে পড়েছেন। সবার অপ্রিয় হয়ে গেছেন। 


ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের একটি প্রকল্প চালু করতে চেয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাইয়ের ভাইয়ের প্রতিষ্ঠান বিশ্বকাপ কিনতে চেয়েছিল। বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিশ্বকাপের শেয়ারসহ অন্যান্য শেয়ার বিক্রি করতে চেয়েছিলেন। যেটি দিয়ে ফিফার ২১১ সদস্য আর্থিকভাবে লাভবান হবে বলে ইনফান্তিনোর যুক্তি। 


 


কিন্তু সেই যুক্তি উড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের মহাদেশগুলো। সবাই একযোগে ইনফান্তিনোর ভবিষ্যৎ পরিকল্পনাকে ছুড়ে ফেলে দিয়েছেন। উয়েফা প্রথম এই সিদ্ধান্ত জানিয়ে বলে দেয় তারা বিশ্বকাপ ফুটবলে খেলবে না, যদি ইনফান্তিনো তার পরিকল্পনা হতে না সরে আসেন। ব্যাস। ইউরোপীয়ান ফুটবল পরিচালনা সংস্থার এক বাঁশিতেই ইনফান্তিনোকে কাঁপিয়ে দিল। অন্য মহাদেশও উয়েফার একই সুরে বাঁশি বাজাল। একদিনের ব্যবধানে ইনফান্তিনো নিজের অবস্থান থেকে সরে আসেন। 


কিন্তু ফুটবলের ঝড় থামেনি। কেউ ইনফান্তিনোকে ধন্যবাদও বলছে না। উলটো কীভাবে ইনফান্তিনোকে সিংহাসনচ্যুত করা যায়; সেই পথ তৈরির পরিকল্পনা শুরু হয়েছে। কারণ এবারের বিশ্বকাপ ফুটবলটা নানাভাবে সমালোচিত হয়েছে। সমালোচনা আরও বেশি প্রকাশ পেয়েছিল, যখন যুক্তরাষ্ট্রের ফুটবলার বালাগুনের লাল কার্ড প্রত্যাহার করে মাঠে নামিয়ে দিতে ট্রাম্প ফোন করেছিলেন ইনফান্তিনোকে। ইনফান্তিনো নাকি সেটাই করেছেন। সমালোচনার শেষ ছিল না। নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল ফিফার কার্যক্রম। অবশেষে ফিফার নতুন প্রজেক্ট প্রকাশের সঙ্গে সঙ্গে ফুটবল দুনিয়া উত্তাল হয়ে গেল। হার মানলেন, মানতে বাধ্য হলেন ইনফান্তিনো।


 


আগামী বছর ফিফার নির্বাচন। ২০২৭-২০৩০ মেয়াদের নির্বাচন। ইংল্যান্ড এবং ওয়েলস ঘোষণা দিয়েছেন তারা ইনফান্তিনোকে সমর্থন দেবেন না। ওয়েলস জানিয়েছে ২০২৭-২০৩০ মেয়াদের নির্বাচনের জন্য তারা ইনফান্তিানোকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রত্যাহার করছে। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার সাম্প্রতিক ব্যর্থতাগুলোকে সামনে এনেছে। ওয়েলসের দাবি ইনফান্তিনো বিশ্বকাপ ফুটবল পরিচালনার নেতৃত্বে ব্যর্থ হয়েছেন। ফিফার সুশাসন, শক্তিশালী বিচারব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণ, মূল্যবোধ, সদস্যদের প্রতি সম্মান বজায় রাখতে পারেননি ইনফান্তিনো। আর তিনি তার আস্থা হারিয়েছেন বলে ওয়েলস ফুটবল অ্যাসোসিশেয়ন সবার আগে এসব কথা প্রকাশ করেছে। 


উয়েফা এবং কনকাফ জানিয়েছে ইনফান্তিনো আস্থা হারিয়েছেন। নিজের ঘরে নিজেই আগুন দিয়েছেন ইনফান্তিনো। বিশ্বকাপ পরিচালনায় বেসরকারি বিনিয়োগকারী নেওয়ার বিষয়টি কাউকে কিছু না বলে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সহসভাপতিরাও জানতেন না। ইনফান্তিনো পরিকল্পনা থেকে সরে গেলেও থেমে নেই উয়েফা। সবাইকে সংগঠিত করছে। আগামী নির্বাচনে ইনফান্তিনোকে বিদায় দিতে হবে। তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য গত বছর এপ্রিলে ইনফান্তিনো ঘোষণা দিয়েছিলেন তিনি ২০২৭-২০৩০ মেয়াদের নির্বাচন করবেন। নির্বাচন তো দূরের কথা। আগামী মার্চে মরক্কোতে ফিফার কংগ্রেস। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, মরক্কোতেই না ইনফান্তিনোর বিদায় হয়ে যায়।


ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে। সিংহাসন ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে এখন তো রীতিমতো ইনফান্তিনো একঘরে হয়ে গেছে। ১৭ নভেম্বর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ। এরই মধ্যে ইনফান্তিনোকে পরিস্থিতি সামাল দিয়ে সবকিছু আবার তা পক্ষে আনতে হবে। ২০১৬ সালে সেপ ব্লাটারের পর জিয়ান্নি ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফার সভাপতিপদে নির্বাচিত হয়েছেন।


শেয়ার করুন