পাকিস্তান বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারদান সংলগ্ন একটি খোলা এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) পাকিস্তানের সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এবিসি নিউজের।
পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, এ দুর্ঘটনায় বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আবদুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসি নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটির সশস্ত্র বাহিনী। পৃথক বিবৃতিতে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

