২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ০৭:৪৬:১৩ অপরাহ্ন
পিএসসির সচিবের শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৬
পিএসসির সচিবের শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেছেন সংস্থাটির সচিব মো. ফজলুর রহমান। কেন্দ্রটি মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘২০ শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে। গত ২০ আগস্ট তিনি এ কেন্দ্র পরিদর্শনে যান।


পরিদর্শনকালে পিএসসি শিশু দিবাযত্ন কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি কেন্দ্রের শিশুদের দৈনন্দিন কার্যক্রম, খাবারের ব্যবস্থা, শিক্ষা ও বিনোদনসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।


উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন শিশু দিবাযত্ন কেন্দ্রটি ২০২২ সালের ২২ মার্চ উদ্বোধন করা হয়। বর্তমানে কেন্দ্রটিতে ১ থেকে সাড়ে ৫ বছর বয়সী প্রায় ৬০ শিশু রয়েছে। কর্মজীবী অভিভাবকরা প্রতিদিন সকাল ৮টায় শিশুদের দিবাযত্ন কেন্দ্রে রেখে যান এবং বিকেল সাড়ে ৪টায় তাদের নিয়ে যান।



দিবাযত্ন কেন্দ্রে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়, এর মধ্যে রয়েছে ইয়োগা, খেলাধুলা, টেলিভিশন দেখা এবং পড়াশোনা। শিশুদের জন্য প্রতিদিন সকালে নাশতা, দুপুরে খাবার এবং বিকেলে নাশতার ব্যবস্থা রয়েছে। পরিদর্শনকালে শিশুদের খাবার প্রস্তুতের জন্য নির্ধারিত স্থানসংক্রান্ত একটি সমস্যা সম্পর্কে সচিবকে অবহিত করা হয়।


এ বিষয়ে শিশু দিবাযত্ন কেন্দ্রের অফিসারের কাছ থেকে বিস্তারিত তথ্য ও সমস্যার কারণ জানেন পিএসসি সচিব। পরে তিনি শিশুদের খাবার প্রস্তুতের সুবিধার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ক্যান্টিনের পাশে একটি কক্ষ দিবাযত্ন কেন্দ্রের খাবার তৈরির জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশনা প্রদান করেন। সংকট দূরীকরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় শিশু দিবা যত্ন কেন্দ্রের পক্ষ থেকে সচিবকে ধন্যবাদ জানানো হয়।


সচিব বলেন, কর্মজীবী অভিভাবকদের সন্তানদের নিরাপদ ও সুন্দর পরিবেশে যত্ন নিশ্চিত করা এবং শিশুদের সুস্থ বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ।


এ বিষয়ে দিবাযত্ন কেন্দ্রের কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের যুগ্মসচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন