৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:২০:৩২ অপরাহ্ন
রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২৬
রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা

নাগরিকদের ওপর কোনো কর বৃদ্ধি না করেই রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে নতুন অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। আয় ও ব্যয় সমপরিমাণ ধরেই এই বাস্তবসম্মত বাজেট নির্ধারণ করা হয়েছে।

এ সময় আগের অর্থবছরের আর্থিক চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সায়।

 

আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, "জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা হবে।"

একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী নগরী গড়ে তুলতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন