০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:৪৬:২২ পূর্বাহ্ন
বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে: ভূমিমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২৬
বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান বড়কুঠিকে বিশ্ববিদ্যালয়ের কাছেই হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।


সোমবার (৬ জুলাই) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেকেই বিশ্বব্যাপী সেবা দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’



তিনি বলেন, ‘উপাচার্য মহোদয় আমার কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি তুলে ধরেছেন। দুই বছর পর বিশ্ববিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানাব।’


বড়কুঠিকে ফিরিয়ে দেওয়ার পূর্ণ আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘উপাচার্য মহোদয় বড়কুঠি ফিরিয়ে আনার উদ্যোগ নিতে বলেছেন। আমি আশা করছি, খুব শিগগিরই বড়কুঠি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।’


এর আগে বড়কুঠিকে ফিরিয়ে দিতে ভূমি মন্ত্রীকে রাবি উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান বড়কুঠি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে চলে গেছে। আমি মন্ত্রীকে বলব, যেভাবেই হোক এটি যেন আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।’


উল্লেখ্য, ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় পাকিস্তান সরকার এটি বিশ্ববিদ্যালয়কে অর্পণ করে। তখন এটি ভাইস চ্যান্সেলর বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহার হতো। পরে এটি টিচার্স ক্লাব ও কর্মচারী ইউনিয়নের অফিসে রূপান্তরিত হয়। কিন্তু বড়কুঠি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। প্রাচীন এ স্থাপনাটি ফিরে পেতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা। এজন্য সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।


এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, রাজশাহী-৩ আসনের সংসদ মো. শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।


শেয়ার করুন