০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:৪৭:৪৬ পূর্বাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

 পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস এবং সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে 'প্লাস্টিকের বদলে গাছ’ শীর্ষক ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাদা পায়রা উড়িয়ে ক্যাম্পেইনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম ম্যোল্লা। উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর উপ-পরিচালক মো. সিরাজুর রহমান। 


সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্লাজায় চত্বরে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল বার্তা ছিল ‘ছোট পরিবর্তন, বড় প্রভাব’।


বিভাগের জেসিএমএস ১১০৫: কনটেম্পোরারি বাংলাদেশ এন্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কোর্সের ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন’ বিষয়ের অংশ হিসেবে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা এ পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন। কোর্স শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইনের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা কর্মসূচিটি বাস্তবায়ন করেন।


কর্মসূচিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী জমা দিয়ে উপহারস্বরূপ একটি করে গাছের চারা সংগ্রহ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রথম ৩০০ জনের মধ্যে প্লাস্টিক সামগ্রীর বিনিময়ে মোট ৩০০টি গাছের চারা উপহার পান। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ৩০ টির মত বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। এ ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।


কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বোতল, প্যাকেটসহ বিভিন্ন ধরনের ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী নিয়ে আসেন। সংগৃহীত প্লাস্টিক সামগ্রী যথাযথভাবে পুনর্ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের গাছের চারার পরিচর্যা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিষয়ে সচেতন করা হয়। 


জেসিএমএস বিভাগের কোঅর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন (ভারপ্রাপ্ত) বলেন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানের পাশাপাশি পরিবেশ রক্ষার বাস্তব ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কোর্স শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণ শুধু পাঠ্যপুস্তকের আলোচনার বিষয় নয়। এসব সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের বাস্তবমুখী, সচেতন ও দায়িত্বশীল উদ্যোগ গ্রহণ করতে হবে।


তিনি আরো বলেন, দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিবেশবান্ধব অভ্যাস এবং সম্মিলিত প্রচেষ্টা একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ পেয়েছে।


আয়োজক শিক্ষার্থীরা জানান, প্লাস্টিক বর্জ্য পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে। ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী সংগ্রহ এবং তার বিনিময়ে গাছের চারা বিতরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।


এ কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমানো, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পরিবেশ রক্ষায় আরও সচেতন করবে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।


বিভাগের অন্যান্য শিক্ষক তন্দ্রা মন্ডল, মোছা. ফাতেমা-তুজ-জোহরা, মো. আকতারুল ইসলাম, উম্মে মহাসিনা, মো. জসিম উদ্দিন এবং প্রোগ্রাম অফিসার মাহমুদুল হাসান মুন্না ও অফিস সহকারী সেলিম রাজা এ ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।


শেয়ার করুন