সাদা জার্সি ছেড়েছেন ঠিকই, কিন্তু মন থেকে রিয়াল মাদ্রিদকে সরাতে পারেননি লুকা মদ্রিচ। বয়স ৪১-এর কোঠায়, ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার স্বপ্ন দেখেন মাদ্রিদে ফেরার। তবে সান্তিয়াগো বার্নাব্যুর চেনা আঙিনায় আবারও পা রাখার আগে একটি শর্ত বেঁধে দিয়েছেন এই ফুটবল জাদুকর।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে মদ্রিচ জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের প্রতি তার সমর্থন ও ভালোবাসা আজীবন থাকবে। একই সঙ্গে ছোটবেলা থেকেই এসি মিলানের প্রতিও তার আলাদা টান রয়েছে। মিলানে বর্তমান জীবন নিয়েও বেশ সন্তুষ্ট তিনি।
নতুন ক্লাবে নিজের অভিজ্ঞতা নিয়ে মদ্রিচ বলেন, ‘শুরু থেকেই মিলান ও সমর্থকদের কাছ থেকে দারুণ অভ্যর্থনা পেয়েছেন। শহরটিও তার ভালো লেগেছে।’ মাদ্রিদের সঙ্গে মিলানের পার্থক্য থাকলেও ইতালির এই শহরে সময়টা তিনি উপভোগ করছেন বলেও জানান।
রিয়াল ও মিলানের তুলনা টানতে গিয়ে দুই ক্লাবের ঐতিহ্যের কথাও তুলে ধরেন মদ্রিচ। তার চোখে রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা দলগুলোর একটি, আর ইউরোপিয়ান সাফল্যের দিক থেকে মিলানের অবস্থানও অত্যন্ত মর্যাদাপূর্ণ। পুরোনো গৌরব ফিরে পেলে মিলান আবারও নিজেদের সেরা অবস্থানে ফিরতে পারে বলে মনে করেন তিনি।
তবে প্রশ্নটা যখন নিজের ভবিষ্যৎ নিয়ে, তখন মদ্রিচের উত্তর আরও পরিষ্কার। খেলোয়াড় হিসেবে না হলেও ভবিষ্যতে রিয়ালে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। কিন্তু শুধু অতীতের পরিচয়কে পুঁজি করে ক্লাবটিতে ফিরতে চান না।
মদ্রিচের চাওয়া, রিয়াল মাদ্রিদে ফিরলে এমন একটি দায়িত্ব নিতে, যেখানে তার অভিজ্ঞতা কাজে লাগবে এবং তিনি ক্লাবের জন্য সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ হতে পারবেন। অর্থাৎ নামের কারণে নয়, কার্যকর কোনো ভূমিকা নিয়েই ফিরতে চান তিনি।
অবসর নিয়েও এখনই ভাবতে রাজি নন মদ্রিচ। তার কাছে বয়সের চেয়ে গুরুত্বপূর্ণ নিজের পারফরম্যান্স। যতদিন মাঠে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকবেন এবং ফুটবল উপভোগ করবেন, ততদিন খেলা চালিয়ে যেতে চান তিনি।
ছয় বছর বয়সে ফুটবলে পা রাখা মদ্রিচের খেলোয়াড়ি জীবনের বয়স এখন তিন দশকেরও বেশি। তিনি জানেন, এই পথ চিরকাল চলবে না। তবে শরীর ও পারফরম্যান্স সায় দেওয়া পর্যন্ত ফুটবল থেকে দূরে সরে যাওয়ার কোনো তাড়া নেই তার।

