আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্যাপ্টেনস ডে’তে এ কথা জানিয়েছেন সূর্যকুমার।
ভারতীয় অধিনায়ক বলেন, “ওরা (পাকিস্তান) খেলতে চাইছে না। আমরা তো খেলবো না বলিনি। কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে।”
এ দিকে ভারত–ম্যাচ বয়কট ইস্যুতে সালমান আগা বলেন, ‘ভারত–ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব। এ ছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত।’
গ্রুপ পর্বে ভারতের সঙ্গে না খেললেও টুর্নামেন্টের নকআউট পর্বেও সূর্যকুমারের দলের সঙ্গে পাকিস্তানের দেখা হতে পারে । এমনটা হলে পাকিস্তান কী করবে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন সালমান। তিনি বলেন, ‘যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’

