১৩ মে ২০২৬, বুধবার, ০৭:৩৬:০১ অপরাহ্ন
টিসিবির চাল পাচারকালে ইজিবাইক আটক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৬
টিসিবির চাল পাচারকালে ইজিবাইক আটক

মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজার থেকে টিসিবির সরকারিভাবে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিক্রির পর, পাচারের সময় ৪৩৪ কেজি চালসহ একটি ইজিবাইক আটক করেছে স্থানীয় জনতা।



বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া বাজারের টিসিবির ডিলার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু টিসিবি কার্ডধারীদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে গোপনে ৪৩৪ কেজি চাল অন্যত্র বিক্রি করে দেন। পরে ওই চাল ক্রেতা নিয়ে যাওয়ার সময় হাটবাড়িয়া বাজারে স্থানীয় জনতা ইজিবাইকসহ চাল আটক করে পুলিশকে খবর দেয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে। চাল ক্রেতা মাগুরার বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস জানান, তিনি বস্তা কিনতে এসেছিলেন। এ সময় তাকে চাল কেনার প্রস্তাব দেওয়া হলে তিনি ৩০ টাকা কেজি দরে চাল ক্রয় করেন। তবে এটি সরকারি চাল ছিল বলে তিনি জানতেন না।


স্থানীয় কয়েকজন জানান, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে টিসিবির বিভিন্ন পণ্য গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিলেন। তারা গরিবের জন্য বরাদ্দকৃত পণ্য আত্মসাতের অভিযোগে ওই ডিলারের ডিলারশিপ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


অভিযুক্ত টিসিবি ডিলার রফিকুল ইসলাম বাবু চাল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, আমি আমার গত মাসের জমাকৃত চাল বিক্রি করেছি। সরকারি চাল বাইরে বিক্রি করার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেকেই চাল নিতে চান না, টাকা নিতে চান। সে কারণেই চাল বিক্রি করেছি।



সরেজমিনে দেখা যায়, ডিলারের ঘরে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের উপস্থিতিতেই বাকবিতণ্ডা চলছিলো। এ সময় সেখানে টিসিবির চালের খালি বস্তা, চিনি ও তেল মজুদ অবস্থায় দেখা যায়।


ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ওই ডিলারকে আইনের আওতায় আনা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন