০৮ জুন ২০২৬, সোমবার, ০১:৩৫:১১ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা রোববার (৭ জুন) রাতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


সফরকালে বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রসচিব। বৈঠকে ২৩ থেকে ২৬ জুন অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।


সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। এমন পরিকল্পনা নিয়ে ঢাকায় প্রস্তুতি চলছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিংয়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসূচি, দ্বিপক্ষীয় আলোচনার বিষয়বস্তু, সম্ভাব্য চুক্তি ও সমঝোতা স্মারকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।


এদিকে, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ফিলিপাইন হয়ে চীন যাবেন। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন তিনি। ওই বৈঠক শেষে একই দিন বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন