০১ জুলাই ২০২৬, বুধবার, ১২:০০:০১ অপরাহ্ন
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২৬
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি (অ্যামুনিশন) ও একটি ম্যাগাজিন উদ্ধারের দাবি করেছে র‍্যাব-৫।



গণমাধ্যমে পাঠানো র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি অপারেশন দল চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামুনিশন এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।


র‍্যাবের দাবি, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির প্রকৃত মালিক সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্রটি সংগ্রহ করে আনার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেটি ফেলে পালিয়ে যায়। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।


র‍্যাব জানায়, উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড অ্যামুনিশন জিডিমূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও উল্লেখ করে, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

শেয়ার করুন