২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:২৭:৩৬ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ছাদে ওঠার লোহার সিঁড়িতে বিদ্যুতের সংস্পর্শে এসে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাদুরতলা গ্রামের ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি মোসা. আশা (৩০) ও নাতনি শাহরিয়ার মিম (১২)। আশা রাজশাহীর তানোর উপজেলার কচুয়া মোহনপুর গ্রামের এরশাদ আলীর মেয়ে। আর মিম বারঘরিয়া হাজিপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবুর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠাল পাতা লোহার সিঁড়ির সঙ্গে বাঁধতে যান হাসিনা বেগম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পর্যায়ক্রমে নাতনি মিম ও বেড়াতে আসা ভাতিজি আশাও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্বজন ও প্রতিবেশীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, কাপড় শুকানোর জন্য টাঙানো একটি জিআই তারের এক প্রান্ত ছাদের লোহার সিঁড়ির সঙ্গে বাঁধা ছিল। কোনোভাবে ওই তারে বিদ্যুৎ সংযোগ লেগে যায়। এতে সিঁড়িটি বিদ্যুতায়িত হয়ে যায়। সিঁড়িতে হাত দেওয়ার কারণে একের পর এক তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি আরও জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন