রাজশাহীর পবা উপজেলার হরিয়ানে গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম ফরিদা খাতুন (৪০)। তাঁর স্বামী লালন শেখ পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। ফরিদাকে রক্ষা করতে গেলে ছুরিকাঘাতে তাঁর ছেলে মো. ফয়সালও গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে লালন শেখের স্ত্রী ফরিদাকে প্রতিবেশী মো. বাবুর ছেলে মো. পরশ (১৮) ছুরিকাঘাত করেছেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী বাবুর বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তবে তার আগেই বাবুর পরিবারের লোকজন পালিয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা জানিয়েছেন, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে।
তার ছেলে ফয়সালকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরেই পূর্বশত্রুতার জের ধরে লালন শেখের স্ত্রী ফরিদাকে প্রতিবেশী মো. বাবুর ছেলে মো. পরশ (১৮) ছুরিকাঘাত করেছেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী বাবুর বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তবে তার আগেই বাবুর পরিবারের লোকজন পালিয়েছে।
এ বিষয়ে রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

