রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার নিয়ে পালিয়ে গেছেন দুই মাদক কারবারি।
রোববার ১০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার জৈটাবটতলা গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১০ মিনিটে গোদাগাড়ী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ছিলেন ডিবির এসআই মো. আশরাফুল ইসলাম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, গোদাগাড়ী উপজেলার জৈটাবটতলা গ্রামে মাসুদ রানার বাড়ির পশ্চিমে অর্জুন গাছের নিচে পাকা রাস্তার ওপর দুজন মাদক কারবারি একটি প্রাইভেটকারের পেছনের ডালা খুলে সাদা দুটি বস্তা নিয়ে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের গাড়ি দেখে সকাল ১০টা ৪৫ মিনিটে দুই কারবারি দুটি সাদা বস্তা রাস্তায় ফেলে গোল্ডেন রঙের প্রাইভেটকার নিয়ে নাচোলমুখী রাস্তা দিয়ে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে তার ভেতর থেকে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ উদ্ধার করা হয়। পলাতক দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনামসজিদ গ্রামের আতাউর রহমানের ছেলে মো. রুবেল হক (২৬) এবং একই থানার কমলাকান্ত রাণীহাটি গ্রামের সুভান আলীর ছেলে মো. কামিরুল (২৫)।
এ ঘটনায় পলাতক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ -এ গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ উদ্ধার করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

