১২ অগাস্ট ২০২৬, বুধবার, ০১:০৯:১২ পূর্বাহ্ন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম

সরকারি সেবার মান বৃদ্ধি ও মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম তদারকিতে তৎপরতা দেখিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে তিনি সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন। মঙ্গলবার ১১ আগস্ট  দুপুর ১টায় উপজেলায় পৌঁছে প্রথমে তিনি দুর্গাপুর থানা পরিদর্শন করেন। এরপর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীদের সমস্যা শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার' ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দুর্গাপুর পৌরসভার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা।

পরে তিনি হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়, কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়এবং লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করে তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, আমরা মাসে বা ১৫ দিনে নিয়মিত ভাবে উপজেলা গুলো পরিদর্শনে আসি। আপনাদেরও দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকল কাজে আন্তরিকভাবে সহযোগিতা করা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই এই পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মাঠ পর্যায়ে সরেজমিনে গিয়ে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়ায় কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তিনি সকল দপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. মেহেদী হাসান (সোহাগ), দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন