২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ০৫:১১:২৭ অপরাহ্ন
নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে মেয়ের জামাতা ফাহামের বার্তা
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৬
নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে মেয়ের জামাতা ফাহামের বার্তা

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার মেয়ের জামাতা ও লেখক-গবেষক ফাহাম আবদুস সালাম। একই সঙ্গে মির্জা ফখরুলকে তিনি ‘দায়িত্বশীল বড় ছেলে’ হিসেবেও উল্লেখ করেছেন।


শুক্রবার (২১ আগস্ট) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে মির্জা ফখরুলকে নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরেন ফাহাম।


পোস্টে ফাহাম জানান, প্রায় ২২ বছর ধরে মির্জা ফখরুলকে চেনেন তিনি। তার মতে, মির্জা ফখরুলের মতো দায়িত্বশীল মানুষ তিনি জীবনে খুব কমই দেখেছেন। নিজের বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে তিনি ক্যাডেট কলেজের শিক্ষক ছাদিক স্যারের সঙ্গে মির্জা ফখরুলের তুলনা করেন।


মির্জা ফখরুলের দায়িত্বশীলতার উদাহরণ দিতে ফাহাম লেখেন, তিনি বলেন, তিনি এমন একজন বড়ভাই যিনি ৭ ভাইবোনের জন্য ৬টা চকলেট পেলে নিজের ৬ ভাইবোনকে ৬টা চকলেট দিয়ে নিজে একটাও না নিয়ে খুব খুশি থাকবেন। ৬ ভাইবোনের জন্য তিনি যে দায়িত্বের সঙ্গে সঠিক কাজটা খুব দ্রুত করে ফেললেন, এটাই তার সন্তুষ্টির মূল জায়গা। এই রোল থেকে তিনি কখনোই বের হতে পারেন না। আবহমান বাংলাদেশের পরিবারের বড় ছেলে - যার কাঁধে অনেক দায়িত্ব। অন্যদের প্রয়োজন পূরণ করাই তার কাছে সন্তুষ্টির বিষয় বলে উল্লেখ করেন তিনি।


ফাহামের ভাষায়, মির্জা ফখরুলের মধ্যে নিজেকে কাজে লাগানোর প্রবণতা অত্যন্ত প্রবল। কোনো পরিস্থিতিতেই তিনি বসে থাকতে পারেন না। এমনকি ক্যানবেরায় ছুটি কাটাতে গিয়েও ঘর পরিষ্কার করার মতো কাজে নিজেকে ব্যস্ত রাখতেন বলে জানান তিনি। তার সাফল্যের পেছনে এই মানসিকতা ও ভদ্র আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন ফাহাম।


পোস্টে ৫ আগস্টের পর সিঙ্গাপুরে মির্জা ফখরুলের সঙ্গে ব্যক্তিগত আলাপের স্মৃতিও তুলে ধরেন তিনি। ফাহাম জানান, ওই সময় মির্জা ফখরুল তাকে বলেছিলেন, ‘আমার জীবনের কাজ হয়ে গেছে। ম্যাডামকে বের করে আনছি। আর ইলেকশন হলে দেশটাও গণতন্ত্রে উঠে যাবে। আই অ্যাম স্যাটিসফায়েড।’


খালেদা জিয়াকে মুক্ত করতে না পারাকে মির্জা ফখরুল নিজের ব্যর্থতা হিসেবে দেখতেন বলেও জানান ফাহাম। তিনি বলেন, আমাদের পরিবারে ম্যাডামের অবস্থান কোনো পলিটিকাল লিডারের মতো না। নন-পলিটিকাল পরিবারের কাওকে বোঝানো কঠিন যে ম্যাডামের মর্তবাটা ঠিক কেমন। সেদিন আমার মনে হয়েছিল যে ম্যাডাম খুবই সৌভাগ্যবান একজন নেতা। বাংলাদেশে কোনো পলিটিকাল লিডারের মির্জা আলমগীরের মতো সাহাবি পাওয়া কঠিন যে নিজের ভালো ও খারাপ - দুই সময়েই লিডারকে প্রথমে মনে করে এবং লিডারের জন্য সবকিছু করতে রাজি আছে। আমি নিশ্চিত না যে তারেক রহমান এরকম এক সাহাবি পাবেন। কেন যেন শিক্ষিত লোকেরা শুধুই বেঈমানি ও নিজের স্বার্থ দেখে।


বিএনপির তরুণ নেতাকর্মীদের অনেকে মির্জা ফখরুলকে ‘বাংলাদেশের মহাসচিব’ বলে অভিহিত করেন উল্লেখ করে ফাহাম বলেন, এ কথার মধ্যে যথেষ্ট সত্যতা রয়েছে। তার মতে, মির্জা ফখরুল বিএনপির রাজনৈতিক স্বার্থের আগে বাংলাদেশকে দেখতে পান। তার দৃষ্টিভঙ্গি সবার পছন্দ নাও হতে পারে, তবে তিনি যা বিশ্বাস করেন, তা বাস্তবায়নের চেষ্টা করেন।


দেশে গণতন্ত্র চর্চার প্রসঙ্গেও মির্জা ফখরুলের ভূমিকার প্রশংসা করেন ফাহাম। তিনি বলেন, দেশের বর্তমান সামাজিক বাস্তবতায় কোনো নেতার পক্ষেই শতভাগ বা উচ্চমাত্রার গণতন্ত্র চর্চা করা সম্ভব নয়। তবে মির্জা ফখরুল সারাজীবন গণতন্ত্রের গাড়িতে ঠেলা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। সুযোগ পেলে তিনি সবার আগে দাঁড়াবেন বলেও মন্তব্য করেন ফাহাম।


মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে নিজের জন্য একই সঙ্গে আনন্দ ও হতাশার বিষয় হিসেবে উল্লেখ করেছেন ফাহাম। তার মতে, রাষ্ট্রপতি পদে এমন একজন ব্যক্তির প্রয়োজন, যাকে জাতি অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারে। সেই বিবেচনায় মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্তকে তিনি যথাযথ বলে মনে করেন।


তবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ায় বিএনপিতে একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারানোর বিষয়টি নিয়ে হতাশাও প্রকাশ করেন ফাহাম। তিনি বলেন, ওনার প্রেসিডেন্ট হওয়াটা আমার জন্য একই সাথে আনন্দের ও হতাশার। আনন্দের এজন্যে যে প্রেসিডেন্ট হওয়ার জন্য এমন একজন মানুষ দরকার যাকে জাতি অভিভাবক হিসাবে দেখতে রাজি। আমার মনে হয় সঠিক মানুষটাকেই প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। আর হতাশার এ কারণে যে বিএনপিতে এরকম একজন মানুষের খুব দরকার যে নিজের আগে দলের ও দেশের স্বার্থ দেখতে পারেন। এমন একজন মানুষের রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া কঠিন। তাছাড়া বঙ্গভবনের ঘেরাটোপে দম বন্ধ হয়ে আসার কথা।


ফাহাম আরও দাবি করেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে আওয়ামী লীগের সমর্থকদের মধ্য থেকেও অভিনন্দন এসেছে। তার জীবদ্দশায় অন্য কোনো বড় রাজনৈতিক নেতা এতটা ‘দলনিরপেক্ষ’ সমর্থন পেয়েছেন কি না, তা মনে করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।


মির্জা ফখরুলকে ‘মারদাঙ্গা রাজনীতিবিদ’ নন উল্লেখ করে ফাহাম বলেন, বিএনপির ভেতরেও তার নিজস্ব কোনো গ্রুপিং নেই। সব মিলিয়ে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে তিনি দেশের জন্য ইতিবাচক ঘটনা হিসেবেই দেখছেন।


শেয়ার করুন