২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ০৩:৫৭:২৩ অপরাহ্ন
রাজশাহীতে হত্যাচেষ্টা অভিযোগের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৬
রাজশাহীতে হত্যাচেষ্টা অভিযোগের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় দায়িত্বরত এক সিকিউরিটি গার্ডকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের তাৎক্ষণিক হস্তক্ষেপে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। গ্রেপ্তারকৃত আসামি আরিফুল ইসলাম আরিফ (৩৭)। তিনি মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত। গত ১৯ আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর মোড়স্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে দায়িত্ব পালন করছিলেন সিকিউরিটি গার্ড মোঃ সাব্বির হোসেন (২৬)। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তিনি হ্যান্ডমাইকে রোগী ধরার দালাল, চোর ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করছিলেন। এ সময় আরিফসহ কয়েকজন এসে তাকে প্রচার বন্ধ করতে বলেন। সাব্বির দায়িত্বের কথা জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর আসামি আরিফ পেছন থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র এনে সাব্বিরের গলায় ধরে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর দৃষ্টিগোচর হয়। পুলিশ কমিশনারের নির্দেশ পাওয়ার পরপরই রাজপাড়া থানা পুলিশ অভিযানে নামে। অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ২০ আগস্ট বৃহস্পতিবার রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন