০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১২:১১:১৪ অপরাহ্ন
এবার অক্ষয় কুমারের নায়িকা হচ্ছেন রুক্মিণী?
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৬
এবার অক্ষয় কুমারের নায়িকা হচ্ছেন রুক্মিণী?

বেশ কিছু দিন ধরে বড়পর্দা থেকে দূরে আছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বাংলা সিনেমায় তার শেষ কাজ গত বছরের ‘হাঁটি হাঁটি পা পা’। এবার বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। অক্ষয়ের আসন্ন সিনেমা ‘শামুক’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রুক্মিণীকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।


সূত্রের খবর, নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন রুক্মিণী মৈত্র। সিনেমাটিতে তার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ বলে জানা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা যায়। সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল তিন ধরনের উপাদানের মিশেলে তৈরি হচ্ছে সিনেমাটি।


ছবির কাস্টিং নিয়ে ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, চরিত্রটির জন্য এমন একজন অভিনেত্রীকে প্রয়োজন ছিল, যার ব্যক্তিত্ব প্রখর এবং পর্দায় উপস্থিতি নজর কাড়ে। আর সে কারণেই রুক্মিণীর নাম আলোচনায় এসেছে। তবে এখনো তার অভিনয় করার বিষয়টি চূড়ান্ত হয়নি। ফলে অক্ষয়-রুক্মিণীর নতুন জুটি সত্যিই বড় পর্দায় দেখা যাবে কি না, তা এখনই নিশ্চিত নয়।


‘শামুক’ সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর এই ছবির হাত ধরে আবারও একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত রুক্মিণী মৈত্রের প্রথম বাংলা সিনেমা ‘চ্যাম্প’। বাংলা চলচ্চিত্রে ২০২৫ সালে রুক্মিণীর শেষ মুক্তিপ্রাপ্ত কাজ ‘হাঁটি হাঁটি পা পা’। এ ছাড়া তার অভিনীত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বিনোদিনী’, ‘টেক্কা’ ও ‘বুমেরাং’।


তবে এটিই তার প্রথম হিন্দি ছবি নয়। আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। অক্ষয়ের সঙ্গে রুক্মিণীর জুটি বাঁধার জল্পনা সত্যি হলে, তার ক্যারিয়ারে যোগ হবে আরও একটি উল্লেখযোগ্য হিন্দি প্রজেক্ট।


শেয়ার করুন