০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ০১:৪১:০২ অপরাহ্ন
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলিতে নতুন নির্দেশনা
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৬
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলিতে নতুন নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তালিকা তৈরি করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।


গত ১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।


পরিপত্রে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা মানুষের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এ খাতে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন প্রয়োজন।


মন্ত্রণালয়ের মতে, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন করলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এতে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল খাতে নিয়মিত বদলি ও পদায়নের মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো প্রয়োজন।


এ কারণে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এ লক্ষ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এরপর তালিকা পর্যালোচনা করে তিন বছর বা তার বেশি সময় একই কর্মস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।


তবে প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা বা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে তিন বছর পূর্ণ হওয়ার আগেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করতে হবে।


পরিপত্রে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম হিসেবে বিবেচনা করে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


শেয়ার করুন