২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ১২:০৯:৩০ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ আজ, দেখা যাবে যেভাবে
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ আজ, দেখা যাবে যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তিতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে আজ। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ তালিকা দেখতে পারবেন। একই সঙ্গে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের (মাইগ্রেশন) ফলও প্রকাশ করা হবে।


বুধবার (২০ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেল থেকে ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab-এ গিয়ে ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN Roll Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।


এছাড়া রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লিংকে গিয়ে এপ্লিকেন্ট আইডি ও পিন নাম্বার দিয়ে ফলাফল দেখা যাবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকে, তবে তাকে অবশ্যই আগামী ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।


বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে।


এদিকে, ঘোষিত সময়সূচি অনুযায়ী- দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৩ থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ৪ থেকে ১৩ জুন পর্যন্ত কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার ১৩০ টাকা জমা দিতে হবে।


কলেজ কর্তৃপক্ষ ৪ থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। পরে ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলোকে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


শেয়ার করুন