০৩ জুন ২০২৬, বুধবার, ১১:৪২:৪৫ অপরাহ্ন
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৬
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সেমিফাইনালে এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ মুহূর্তে নেপালের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় লাল-সবুজদের।


ম্যাচের শুরুতে ছন্দ খুঁজে পেতে হিমশিম খায় বাংলাদেশ। সেই সুযোগে ২৩তম মিনিটে কর্নার থেকে গীতা রানির গোলে এগিয়ে যায় নেপাল। প্রথমার্ধে আরও একটি গোল হজমের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ, তবে গোলরক্ষক মিলি আক্তার ও পোস্টের সহায়তায় রক্ষা পায় দল।



গোল শোধে মরিয়া বাংলাদেশ বিরতির ঠিক আগে সমতায় ফেরে। কর্নার কিক থেকে সরাসরি দারুণ এক শটে বল জালে জড়ান ঋতুপর্ণা চাকমা। তার অসাধারণ গোলে ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।


বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও বেশ কয়েকবার ভাগ্যের সহায়তা পায় বাংলাদেশ। অন্যদিকে সাগরিকার একটি সম্ভাবনাময় প্রচেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক।



যখন ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে তৈরি হওয়া চাপে নেপালের রক্ষণভাগ ভুল করে আত্মঘাতী গোল করে বসে। সেই গোলেই ২-১ ব্যবধানের জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পিটার বাটলারের শিষ্যরা।


শেয়ার করুন