২২ জুন ২০২৬, সোমবার, ০৮:৩২:০৮ অপরাহ্ন
৬ জেলায় সেনা মোতায়েন: আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৬
৬ জেলায় সেনা মোতায়েন: আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি ইস্যু করা হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে। ২২ জুন সোমবার থেকে ৩০ জুন মঙ্গলবার পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি; বরং বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল ও সন্তোষজনক।


মন্ত্রী আরও বলেন, মূলত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় সেনাসদস্যদের মাঠে নামানো হয়েছে।


শেয়ার করুন