২২ অগাস্ট ২০২৬, শনিবার, ০৩:৩৭:৩৫ পূর্বাহ্ন
রাজশাহীতে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল: চ্যাম্পিয়ন পাবে ১ লাখ টাকা
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৬
রাজশাহীতে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল: চ্যাম্পিয়ন পাবে ১ লাখ টাকা

তারুণ্যের উচ্ছ্বাস ফিরিয়ে আনতে এবং তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে রাজশাহীতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী সিটি কর্পোরেশন বনাম বাগমারা উপজেলা দল।

আয়োজক কমিটি জানায়, এবারের টুর্নামেন্টে জেলার ১০টি শক্তিশালী উপজেলা ও সিটি কর্পোরেশন দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ টাকা এবং রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা।

টুর্নামেন্ট উপলক্ষে স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শাহিদুল ইসলাম বলেন, রাজশাহী খেলবে, বাংলাদেশ জিতবে’- এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের শক্তির সঠিক বিকাশের জন্যই এই আয়োজন। তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমেই তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সমৃদ্ধ ও মাদকমুক্ত রাজশাহী গড়ে তোলা সম্ভব। এই টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার মতো ফুটবলার উঠে আসবে বলে আমরা আশা করি। উদ্বোধনের প্রাক্কালে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-১)’-এ অসাধারণ নৈপুণ্য দেখানো রাজশাহী জেলার মেধাবী অ্যাথলেটদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলা উপভোগ করতে রাজশাহীর সর্বস্তরের ক্রীড়াপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।

শেয়ার করুন