১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ১২:৩৮:৪০ অপরাহ্ন
মেহেরপুরে দুই বাইকের সংঘর্ষে তরুণ নিহত, আহত চার
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
মেহেরপুরে দুই বাইকের সংঘর্ষে তরুণ নিহত, আহত চার

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাসিম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। 


শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মঠমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামে মোজাম্মেল হকের বাড়ির সামনে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার হিদিরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।


দুর্ঘটনায় আহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার হিদিরাম গ্রামের রমজান আলীর ছেলে আকাশ (২০), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজা (২০) পিতা- মিজানুর রহমান ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিশকুন্ডি মিস্ত্রিপাড়ার মোটরসাইকেল চালক খোকনের ছেলে জিসান (২২) এবং তার সাথে থাকা আরও একজন অজ্ঞাত যুবক।


স্থানীয়রা জানান, আকাশ, রাজা ও আরও কয়েকজন খলিষাকুন্ডি থেকে বামন্দী পর্যন্ত চারটি মোটরসাইকেল নিয়ে রেস করতে করতে আসছিল। তারা একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বিপরীত দিকের মোটরসাইকেলটি চালাচ্ছিলেন জিসান (২২)। তার সঙ্গে ছিলেন দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি মিস্ত্রিপাড়ার এক অজ্ঞাত যুবক।


প্রচণ্ড সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তাসিম। আহত আকাশ, রাজা, জিসান ও অজ্ঞাত যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।


এলাকাবাসী অভিযোগ করে বলেন, মহাসড়কে মোটরসাইকেলের রেসিং প্রায়ই হয়ে থাকে। কোনো নিয়ন্ত্রণ না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দিনদিন বাড়ছে।


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


শেয়ার করুন