১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:১৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের বাসায় শোকের মাতম
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২৬
রাজশাহীতে দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের বাসায় শোকের মাতম

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এদের একজনের বাড়ি রাজশাহীর পবায়। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। 


ওই সেনা সদস্যের নাম মো. রিফাত। তিনি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল ইসলাম মোংলার ছেলে। 


স্থানীয়রা জানান, রিফাত ৫-৬ বছর আগে এসএসসি পাস করে সেনাবাহিনীতে যোগ দেন। তারা তিন ভাই। রিফাত দ্বিতীয়। তার বড় ও ছোট ভাই অনার্সে অধ্যায়নরত। তার বাবা সরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এক বছর আগে ক্যানসার আক্রান্ত হয়ে রিফাতের মা মারা যান।


নিহত সেনা সদস্যর চাচাতো ভাই স্বাধীন ইসলাম শুভ ঢাকা মেইলকে বলেন, খুব শান্তশিষ্ট ছেলে ছিল রিফাত। সর্বশেষ ফুটবল বিশ্বকাপের সময় ছুটিতে বাসায় এসেছিল। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকার সবাই শোকাহত। তার বাবা বাকশক্তি হারিয়ে ফেলেছেন। শত শত মানুষ ভীড় করছে বাসায়। 


শুভ বলেন, বিয়ে করেছিল রিফাত। একটা সন্তানও হয়েছে। শিশুটা এতিম হয়ে গেল। এমন ঘটনা এলাকার আমরা কেউ মেনে নিতে পারছি না।


শেয়ার করুন