০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০২:০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৬
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

ইরানের নেতাদের ‘অযৌক্তিক’ মনে করার পর কীভাবে তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামনে ইরানের সঙ্গে চুক্তি করা অথবা তাদের ‘উড়িয়ে দেওয়া’ এই দুটি পথ রয়েছে।



স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হয়তো আপনি তাদের উড়িয়ে দেবেন। আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দেব, নাকি একটি চুক্তি করব সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। খুব শিগগিরই এই পরিস্থিতির অবসান হতে যাচ্ছে।’


এদিকে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানো ডিজেলের দাম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়মিত আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। বুধবার তিনি বলেন, এ ধরনের পদক্ষেপে পেট্রলের দামে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, তবে এতে অভ্যন্তরীণ বাজারে ডিজেলের দাম কমানো সম্ভব হতে পারে।


ডিজেলের দাম বাড়ার জন্য ট্রাম্প মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন। তবে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের মতে, ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে।


এর আগে যুক্তরাষ্ট্রে ডিজেল রপ্তানি সীমিত বা নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলে জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রধান ডিজেল রপ্তানিকারক দেশ হওয়ায় দেশটির রপ্তানি কমে গেলে বৈশ্বিক বাজারেও সরবরাহের ওপর চাপ তৈরি হতে পারে বলে বিশ্লেষকেরা সতর্ক করেছেন।



এদিকে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার পাশাপাশি আরও কিছু পদক্ষেপ বিবেচনা করছে মার্কিন প্রশাসন। এর মধ্যে শোধনাগারগুলোর সঙ্গে স্বেচ্ছাভিত্তিক রপ্তানি সীমিত করার উদ্যোগ এবং ইউরোপের জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়ার আহ্বানও রয়েছে।


শেয়ার করুন