রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কাজল (৩০)।
তার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে নগরীর বর্ণালী মোড় এলাকার বরেন্দ্র অফিসের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, কাজল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার ভদ্রা মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় এজাহারনামীয় ৬ জনসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলাটি তদন্ত করছে পুলিশ। পুলিশ জানায়, সাক্ষ্য-প্রমাণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

