০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:৪৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের সেই ভাইরাল এএসআই ক্লোজড
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৬
পুলিশের সেই ভাইরাল এএসআই ক্লোজড

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’- এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।


সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারের স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। সেখানে উপস্থিত লোকজনের সামনে ঘুষ নেওয়ার বিষয়ে তাকে প্রকাশ্যে ওই মন্তব্য করতে শোনা যায়, যার ভিডিও ভাইরাল হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’


স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার ওই বক্তব্য ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।



এদিকে, ভাইরাল ভিডিও ও এএসআই ইলিয়াসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।


সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’


শেয়ার করুন