০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:৫৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন ১০টি এয়ারবাস কিনছে সরকার, বুধবার চুক্তি
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৬
নতুন ১০টি এয়ারবাস কিনছে সরকার, বুধবার চুক্তি

নতুন ১০টি উড়োজাহাজ কিনতে ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের সঙ্গে বুধবার (০৭ অক্টোবর) চুক্তি করতে যাচ্ছে সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য চারটি এ৩৫০-৯০০ ও ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। রাজধানীর একটি হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে চুক্তি সই অনুষ্ঠান হবে।


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ১০টি উড়োজাহাজ কিনতে মোট কত অর্থ ব্যয় হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।


প্রস্তাবিত চুক্তির আওতায় কেনা চারটি এ৩৫০-৯০০ প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহার করা হবে। ছয়টি এ৩২১নিও সরু কাঠামোর উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সালে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে পারে।


এয়ারবাসের সঙ্গে চুক্তির আগে চলতি বছর দুই দফায় মার্কিন নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। গত ৩০ এপ্রিল প্রথম দফায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এর মধ্যে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ও চারটি ৭৩৭-৮ রয়েছে।


এরপর গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ও ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স।


মন্ত্রণালয় জানিয়েছে, বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩১ সালে। সব উড়োজাহাজ পেতে ১১ থেকে ১২ বছর সময় লাগবে। চুক্তি সই হলেও এখনই উড়োজাহাজগুলোর জন্য অর্থ পরিশোধ করতে হবে না। প্রতিটি উড়োজাহাজ সরবরাহের সময় তার মূল্য পরিশোধ করা হবে।


বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৪টি বোয়িং ও পাঁচটি ড্যাশ-৮। বহরের দুটি উড়োজাহাজ প্রায় অচল হওয়ার অবস্থায় রয়েছে এবং বাকি ১৭টিও আগামী কয়েক বছরের মধ্যে বহর থেকে বাদ পড়বে। এ কারণে তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরও ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার চেষ্টা করছে বিমান।


এয়ারবাসের ১০টি ও বোয়িংয়ের চুক্তি করা ২৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫। বর্তমানের ১৯টি উড়োজাহাজসহ তখন বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ৫০ ছাড়াবে। নতুন ৩৫টি উড়োজাহাজের মধ্যে ১৯টি প্রশস্ত কাঠামোর এবং ১৬টি সরু কাঠামোর।


শেয়ার করুন