শেরপুরে ৪৭ বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খাল পুনঃ খননের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এ সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন।
পরে দুর্গম চরাঞ্চলের কৃষকদের নানা সমস্যার কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পরেন। একপর্যায়ে নিজেই কাচি হাতে নেমে পড়েন ধান কাটতে।
সোমবার (১১ মে) দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কাটাখালি খালের পয়স্তির চর ও টানকাছার গ্রামের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ প্রায় ভরাট হয়ে যাওয়া খালটি পরিদর্শন করেন। আগামী ১৩ মে খালটি পুনঃখনন এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও প্রকল্প কর্মকর্তা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
প্রিয়াঙ্কা বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে শেরপুরের এই খালসহ বেশ কয়েকটি খাল খনন উদ্বোধন করেছিলেন। তাই এই খালকে সবার আগে প্রাধান্য দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে অন্যান্য খালগুলো খনন করা হবে।’
তিনি বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন হচ্ছে। বিশেষ করে এই কর্মসুটি বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণ হবে। এ ছাড়াও ৬নং চরের মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তা ও সেতুর কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন।’
এসময় শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মো. জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, শফিকুল ইসলাম গোল্ডেন, আতাহারুল ইসলাম আতা প্রমুখ উপস্থিত ছিলেন।

